13/09/2026
বাংলাদেশের অটোমোবাইল বাজারে সময়ের সঙ্গে সঙ্গে অনেক চাইনিজ ব্র্যান্ডসহ বিভিন্ন দেশের গাড়ি এসেছে। নতুন নতুন অপশন অবশ্যই ক্রেতাদের জন্য ভালো—কারণ প্রত্যেকেরই নিজের পছন্দ, বাজেট ও প্রয়োজন অনুযায়ী ভিন্ন কিছু বেছে নেওয়ার অধিকার রয়েছে।
তবে বাস্তবতা হলো, অনেক নতুন ব্র্যান্ড কিছুদিন বাজারে থাকার পর তাদের ব্যবহৃত গাড়ি গুলোও ধীরে ধীরে রিকন্ডিশন মার্কেটের গাড়ির সঙ্গে প্রতিযোগিতায় চলে আসছে। আর তখন ক্রেতারা আবারও প্রমাণিত, দীর্ঘদিনের পরিচিত এবং সহজে রক্ষণাবেক্ষণ যোগ্য জাপানি রিকন্ডিশন বা ই ভি গাড়ির দিকে ফিরে আসছেন।
আমার কাছে বিষয়টি অনেকটা এমন—নতুন অপশন আসা দরকার, প্রতিযোগিতা থাকা দরকার, ক্রেতার হাতে চয়েজ থাকা দরকার। কারণ প্রতিযোগিতা যত বাড়বে, শেষ পর্যন্ত ভালো গাড়ি, ভালো সার্ভিস এবং ভালো ভ্যালু দেওয়ার দিকেই বাজার এগিয়ে যাবে।
আর এখানেই জাপানি রিকন্ডিশন বা হাইব্রিড গাড়ির একটা আলাদা জায়গা আছে। বছরের পর বছর ধরে বাংলাদেশের রাস্তায় চলার কারণে এসব গাড়ির রিলায়েবিলিটি, পার্টসের সহজলভ্যতা, মেকানিক দের পরিচিতি, রিসেল ভ্যালু এবং দীর্ঘমেয়াদি ব্যবহারিক সুবিধা নিয়ে ক্রেতাদের মধ্যে একটি আস্থার জায়গা তৈরি হয়েছে।
তাই নতুন গাড়ি বা নতুন ব্র্যান্ডকে বাদ দেওয়ার কথা নয়। সবাই নিজের পছন্দ অনুযায়ী গাড়ি কিনুক। কিন্তু যারা দীর্ঘমেয়াদি ব্যবহার, পরিচিত সিস্টেম, সহজ রক্ষণাবেক্ষণ এবং ভবিষ্যৎ রিসেল ভ্যালুকে গুরুত্ব দেন, তাদের জন্য জাপানি রিকন্ডিশন এখনো অত্যন্ত শক্তিশালী একটি চয়েজ।
শেষ পর্যন্ত চাইনিজ বা বাংলাদেশে সংযোজনকৃত গাড়ি শুধু নতুন কি না—সেটাই আসল বিষয় নয়; গাড়ি কতটা নির্ভরযোগ্য, কতদিন ভালোভাবে সেবা দেবে এবং মালিককে কতটা নিশ্চিন্ত রাখবে—সেটাই আসল।