27/08/2026
আধুনিক দুগ্ধ খামার ব্যবস্থাপনায় দক্ষতা উন্নয়নে মাতৃভূমি ডেইরি ফুডস ও PUM নেদারল্যান্ডের যৌথ প্রশিক্ষণ আয়োজন
----------------------------------------------
দুগ্ধ খামারিদের দক্ষতা বৃদ্ধি, গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষা এবং মানসম্মত দুধ উৎপাদন ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্যে মাতৃভূমি ডেইরি ফুডস লিমিটেড ও PUM নেদারল্যান্ড এর যৌথ উদ্যোগে "Cow Farming Management" শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত করা হয়। ২৩ থেকে ২৬ আগস্ট ২০২৬ পর্যন্ত কুমিল্লার বিভিন্ন এলাকায় এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর মধ্যে বুড়িচং উপজেলার দুর্গাপুর, দেবিদ্বার উপজেলার ভৈশেরকোট, চান্দিনা উপজেলার কেদারপুর এবং বরুড়া উপজেলার আরিফপুর এলাকায় প্রশিক্ষণের আয়োজন করা হয়। কর্মসূচিতে মাতৃভূমি ডেইরি ফুডস লিমিটেডের চুক্তিভিত্তিক দুগ্ধ খামারিরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ পরিচালনা করেন নেদারল্যান্ডের বিশেষজ্ঞ Mr. Menno Holzhauer। প্রশিক্ষণে তাঁর সঙ্গে অনুবাদক হিসেবে দায়িত্ব পালন করেন প্রকৌশলী তানভীর হাসান শুভ। প্রশিক্ষণে গবাদিপশুর রোগ প্রতিরোধ, স্বাস্থ্য সুরক্ষা, সুষম খাদ্য, সঠিক পরিচর্যা ও আধুনিক খামার ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়| পাশাপাশি গরুর স্বাস্থ্য পর্যবেক্ষণ, রোগের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ এবং দুধ উৎপাদন বৃদ্ধির কৌশল বিষয়ে খামারিদের প্রশিক্ষণ দেওয়া হয় । এ প্রশিক্ষণ চুক্তিভিত্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত ও নিরাপদ দুধ উৎপাদনে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। Mr. Menno Holzhauer মাতৃভূমি ডেইরি ফুডস লিমিটেডের মিষ্টি ও বিস্কুট ফ্যাক্টরি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম, প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা নেন। মাতৃভূমি ডেইরি ফুডস লিমিটেড ও PUM নেদারল্যান্ডের এ যৌথ উদ্যোগে এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম খামারিদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসম্মত দুধ উৎপাদন, খামারভিত্তিক উৎপাদনশীলতা বৃদ্ধি এবং দেশের দুগ্ধ শিল্পের বিকাশে দীর্ঘমেয়াদি ভূমিকা রাখবে।